ওঁ সতীদাহ তথাগত অনুরাধা মুখোপাধ্যায় জ্যোতিষ্মানকে আমি ছোটবেলা থেকে চিনি । একই পাড়ায় থাকতাম । ক্লাস ফোর অবধি একসাথে পড়তাম । মেধাবী ছাত্র জ্যোতি , তাই ক্লাস ফোরের পর ও চন্দননগরের মিশনারি স্কুলে ভর্তি হয়ে গেছিল । আমিও প্রবেশিকাতে বসেছিলাম , চান্স পাইনি । কিছু মানুষ থাকে যাদের ভগবান একেবারে উজাড় করে দেন । জ্যোতিষ্মান বাগচী ঐ শ্রেণীভুক্ত । লম্বা ছিপছিপে শরীর , একমাথা ঝাঁকরা চুল , ভাসা ভাসা স্বপ্নালু চোখ আর তার সাথে এক অসম্ভব ক্ষুরধার মগজ । পড়াশুনা , খেলাধুলা , পাঠক্রম বহির্ভূত কার্যক্রম সবেতে জ্যোতিষ্মানের তুলনায় আমি ছিলাম নিতান্তই নিষ্প্রভ । সবেতে ও আমাকে শত যোজন দূরত্বে ছাড়িয়ে যেত । তাই হীনমন্যতায় ভুগতাম । জ্যোতি কিন্তু আমায় পছন্দ করতো । বুঝিবা আমার প্রতি ছিল প্রচ্ছন্ন...